
লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নে সাঁকো পার হওয়ার সময় খালে পড়ে ইউনুস (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় আট ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ভবানীগঞ্জ ইউনিয়নের চটকির সাঁকো এলাকার মরা মুছার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সদর, কমলনগর ও রামগতি ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। নিহত ইউনুস ওই এলাকার মো. কামাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউনুস সাঁকো পার হওয়ার সময় অসাবধানতাবশত খালে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন। ব্যর্থ হলে সদর ও কমলনগর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালান। তবে দীর্ঘসময় চেষ্টা করেও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরবর্তীতে সন্ধ্যার পর রামগতি ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। রামগতি ডুবুরি দলের নেতা খোকন মজুমদার ও সহযোগী সাজ্জাদ হোসেন সাজুর নেতৃত্বে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। প্রায় আধা ঘণ্টা অভিযান চালানোর পর খালের পানির নিচে বাঁশের ঝোপের ভেতর থেকে ইউনুসের মরদেহ উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর ফায়ার স্টেশন অফিসার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।