
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এলাকাবাসীর হাতে আটক হওয়া দুই বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি কর্মীর বিরুদ্ধে। পরে পুলিশের অভিযানে এক বস্তা চকলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার সদর এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পাশের একটি গলিতে একটি অটোরিকশাসহ দুই ব্যক্তিকে আটক করেন স্থানীয়রা। এ সময় অটোরিকশা থেকে ভারত থেকে অবৈধভাবে আনা বলে অভিযোগ থাকা দুই বস্তা কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান।
প্রত্যক্ষদর্শী এবং নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসীর অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বিএনপি কর্মী আরিফ হোসেন সেখানে এসে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক অটোরিকশাসহ দুই বস্তা চকলেট নিজের জিম্মায় নিয়ে যান।
তাদের দাবি, আটকের সময় অটোরিকশায় থাকা কাজী মারুফ জানান, সীমান্ত এলাকা থেকে আনা এসব ভারতীয় চকলেট আরিফ হোসেনের বাড়িতে নেওয়া হচ্ছিল।
ঘটনার খবর পেয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল রাতেই অভিযান চালায়। অভিযানে এক বস্তা চকলেট উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, অভিযান চালিয়ে এক বস্তা চকলেট উদ্ধার করা হয়েছে। আরিফ হোসেন নামের এক যুবককে কার্যালয়ে আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল আরিফ হোসেন বিএনপির কর্মী বলে নিশ্চিত করেছেন। তবে বৃহস্পতিবার রাতের এ ঘটনা সম্পর্কে তিনি অবগত নন বলে জানান।