
কুমিল্লা নগরীতে এক ভিক্ষুককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় কিশোর গ্যাংয়ের কথিত লিডারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়েছে।
ঘটনাটি ঘটে গত ৩১ মে সন্ধ্যায় নগরীর অশোকতলা এলাকায়। অভিযোগ অনুযায়ী, ভিক্ষাবৃত্তি শেষে রাস্তায় থাকা এক ভিক্ষুককে লক্ষ্য করে আগে থেকে ওত পেতে থাকা একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয় এবং তার কাছ থেকে সারাদিনের সংগৃহীত ১৬০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসকের নজরে আসে। পরে তিনি ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশিকসহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের ঘটনাটি তদন্ত ও অভিযুক্তদের শনাক্তে নির্দেশ দেন।
এরপর অশোকতলা জামে মসজিদের সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ‘টোকাই সামির’ নামে পরিচিত কিশোর গ্যাং লিডারকে শনাক্ত করা হয়। গত বুধবার (৩ জুন) তাকে আটক করা হয়।
আটকের পর বিষয়টি প্রশাসককে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। পরে একই দিন বিকেলে তিনি কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেন। এরপর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়।
আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নগরীতে সন্ত্রাস, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতার বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।