
মিথ্যা মামলায় কারাগারে থাকা বিএনপি নেতা জহির উদ্দিনের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে পৌরসভা ১ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কারাগারে আটক জহির উদ্দিন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং একজন ডেইরি ফার্ম ব্যবসায়ী।
মানববন্ধনে বক্তারা বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীদের ওপর হামলা ও নারীর শ্লীলতাহানির ঘটনায় আফতাব উদ্দিনসহ কয়েকজন জড়িত থাকলেও পরে জহির উদ্দিনকে আসামি করা হয়। তাদের দাবি, ঘটনার সময় জহির উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।
বক্তারা আরও বলেন, আফতাব উদ্দিন ও তার ভাই মাহতাব উদ্দিন এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত। তারা প্রভাব খাটিয়ে মামলা প্রভাবিত করেছেন এবং আদালতে প্রভাব বিস্তার করে জহির উদ্দিনকে জামিন বঞ্চিত করছেন বলেও অভিযোগ করেন তারা।
তারা দাবি করেন, বিরোধপূর্ণ জমিতে এখনো অবৈধভাবে নির্মাণ কাজ চলছে। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা চেয়েও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌরসভা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক মো. মামুন, বিএনপি নেতা মো. রুবেল, জহির উদ্দিনের ভাই মো. আলিম উদ্দিন, ছেলে মো. নাঈম, মেয়ে জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল মাওয়াসহ আরও অনেকে।