
কক্সবাজার শহরে দীর্ঘদিন ধরে ‘শীর্ষ ছিনতাইকারী’ হিসেবে পরিচিত শের আলীকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের লালদিঘীর পাড় এলাকা থেকে সোমবার (১ জুন) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার শের আলী কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, চুরি, অস্ত্র ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে সদর ও উখিয়া থানায় দায়ের হওয়া মোট ১৩টি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এসব মামলার মধ্যে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ছাড়াও দণ্ডবিধির ৩৯৯/৪০২, ৪৫৪/৩৮০, ৪৫৭/৩৮০ ও ৩৭৯/৩৪ ধারার মামলা রয়েছে। পাশাপাশি অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাও তার বিরুদ্ধে রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, শের আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং তাকে শহরের সংঘবদ্ধ ছিনতাই চক্রের একজন সক্রিয় সদস্য হিসেবে সন্দেহ করা হচ্ছে।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি তার সঙ্গে কোনো সংঘবদ্ধ অপরাধচক্র জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।