
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের ঘোষণার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বিএনপির নেতাকর্মীরা। সোমবার (১ জুন) রাঙ্গামাটি–চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে তারা ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ করে দেন, এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে।
বিকেলে রাঙ্গামাটির কাঠালতলী এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা। পরে তা সড়কে ছড়িয়ে পড়ে এবং রাঙ্গামাটি–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়। প্রায় এক ঘণ্টা পর সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে অবরোধ তুলে নেওয়া হয়।
বিক্ষোভকারীরা দাবি করেন, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগের বিষয়টি গ্রহণযোগ্য নয়। তাদের মতে, নির্বাচনের আগে পাহাড়ি এলাকায় সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়ার পর হঠাৎ এমন সিদ্ধান্তের পেছনে অন্য কারণ থাকতে পারে।
জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির বলেন, অসুস্থতার কথা বলা হলেও বাস্তবে মন্ত্রণালয়ের ভেতরের পরিস্থিতি ও কাজের স্বাধীনতার অভাবই পদত্যাগের কারণ হতে পারে বলে তারা মনে করেন।
আরেক সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো বলেন, দলের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মসূচি ও সংগঠনের সঙ্গে যুক্ত থেকে দীপেন দেওয়ান পাহাড়ি অঞ্চলে কাজ করেছেন। তাই শুধু শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগের ব্যাখ্যা তারা বিশ্বাসযোগ্য মনে করছেন না।
বিক্ষোভকারীরা আরও দাবি করেন, বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া উচিত।
দীপেন দেওয়ান ২০০৬ সালে বিচার বিভাগের চাকরি ছেড়ে বিএনপিতে যোগ দেন। পরে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় পর্যায়ে ধর্মবিষয়ক সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান।