
ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নে রাজমিস্ত্রি ফোরম্যান মাইনউদ্দিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
সোমবার (১ জুন) দুপুরে ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
এদিন দুপুরে একটি বিক্ষোভ মিছিল জিটকা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বাজারের উত্তর পাশে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের স্বজনসহ এলাকার কয়েকশ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সবচেয়ে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় যখন নিহত মাইনউদ্দিনের ৮ বছর বয়সী ছেলে মো. ছামি ঘটনার বর্ণনা দেয়। দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুটি জানায়, তার চোখের সামনেই বাবার ওপর নৃশংস আক্রমণ চালানো হয়।

নিহতের বড় ভাই জামাল হোসেন ও স্থানীয় বাসিন্দা মো. রিয়াজ উদ্দিন তাদের বক্তব্যে বলেন, মাইনউদ্দিন একজন অত্যন্ত ভালো মানুষ ও দক্ষ রাজমিস্ত্রি ফোরম্যান ছিলেন। দিনের আলোতে তাকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
নিহত মাইনুদ্দিনের স্ত্রী মুক্তা বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, "আমার স্বামীকে যারা অকালে কেড়ে নিয়েছে, আমি তাদের ফাঁসি চাই। প্রশাসনের কাছে আমার একটাই দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।"
বিক্ষোভকারীরা জানান, তারা এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, মামলার তদন্ত চলছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।