.jpeg)
পাবনায় অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় একটি চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই অভিযানে অপহৃত দুই কলেজ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ মে) রাতে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের গোপালপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে রনি শেখ, জাহিদ ইসলাম হাতেম, শান্ত মিয়া, রাহাত আলী, সেজান হোসেন, সাজ্জাদ হোসেন, সোহেল রানা ও রিফাত হোসেন রয়েছেন। অভিযানে অপহরণ কাজে ব্যবহৃত চারটি মোটরসাইকেল এবং কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ভুক্তভোগী দুই শিক্ষার্থী হলেন ঈশ্বরদী উপজেলার পিয়ারপুর এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম প্রান্ত এবং তার বন্ধু তানভীর হোসেন তন্ময়। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) বিকেলে তারা ঈশ্বরদী থেকে পাবনা শহরের উদ্দেশে রওনা হন। পরে রাত সাড়ে ৯টার দিকে অপহরণকারীরা প্রান্তের মোবাইল ফোন থেকে পরিবারের কাছে কল করে তাদের আটকে রাখার কথা জানায় এবং ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একই সঙ্গে হত্যার হুমকিও দেওয়া হয়।
পরবর্তীতে বিষয়টি জানানো হলে জেলা গোয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। রাত দেড়টার দিকে হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের সদস্যদের গ্রেপ্তার এবং দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলার প্রক্রিয়া চলছে।