
বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রথম দফায় ২৭ কিলোমিটার জমি বিএসএফের কাছে হস্তান্তর করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বুধবার (২০ মে) বিএসএফের সঙ্গে বৈঠকে এ জমি হস্তান্তর করেন তিনি।
মোট ৪ হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গেই ২২০০ কিলোমিটার। সীমান্তে ৬০০ কিমি এলাকায় এখনও কাঁটাতার নেই। ক্ষমতায় আসার ১১ দিনের মধ্যেই জমি হস্তান্তর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে তিনি বলেন, ‘সীমান্তে কাঁটাতারে অনীহা ছিল আগের সরকারের। ৬০০ কিলোমিটারের মধ্যে ৫৫৫ কিলোমিটার বেড়ার জন্য জমি আগের সরকার দিতে পারত। কিন্তু, তা দেয়া হয়নি।’
তিনি আরও বলেন, ‘সিএএ-র অন্তর্ভুক্ত নন যারা, তারা অবৈধ অনুপ্রবেশকারী। তাদের রাজ্য পুলিশ গ্রেপ্তার করে বিএসএফের হাতে তুলে দেবে। তারপর তাদের এ দেশ থেকে বের করে দেয়া হবে। আজ থেকে কার্যকর হবে এই আইন। অবৈধ অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেয়ার জন্য একটি চিঠি গত বছর কেন্দ্রীয় সরকার থেকে এ রাজ্যকে পাঠানো হয়েছিল। কিন্তু এই গুরুত্বপূর্ণ আইন আগের সরকার কাজে লাগায়নি। সেটি আমরা কার্যকর করলাম।’
অন্যদিকে, মুখ্যমন্ত্রী হওয়ার পর বুধবার প্রথম উত্তরবঙ্গ সফরে যান শুভেন্দু অধিকারী। প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখতে এবং সার্বিক উন্নয়নের রূপরেখা তৈরি করতেই তার এই সফর। সাংবাদিকদের তিনি জানান, ২০০৯ সাল থেকে বিজেপির পাশে রয়েছে উত্তরবঙ্গ। এছাড়া বলেন, ‘এবার ঋণ শোধের পালা। বিজেপির দেয়া সব নির্বাচনি প্রতিশ্রুতি পূরণ করা হবে।’