
শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে এবং চিকিৎসা সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে) দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএ) এবং পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের ব্যানারে পাবনা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ডা. নাসিরের ওপর হামলার বিচার এবং চিকিৎসা সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন না হলে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা বলেন, একজন রোগীকে বাঁচাতে একজন চিকিৎসক সর্বোচ্চ চেষ্টা করেন। অথচ কর্মস্থলে চিকিৎসকেরাই সবচেয়ে অনিরাপদ।
ড্যাব পাবনা জেলা শাখার সদস্যসচিব ডা. আহমেদ মোস্তফা নোমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন গাইনি চিকিৎসক ডা. শামীমা খাতুন পলি, আইডিএর পাবনা জেলা শাখার সভাপতি ডা. তামিম ইসলাম, সাধারণ সম্পাদক ডা. তানিয়া তাজনিম, পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. সাগর মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুল শুভ প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন ডা. সিরাজুল আলম রাকিব, ডা. শামসুল আলম মালিথা, ডা. হাসানুজ্জামান টুটুল, ডা. ফাহমিদুল হাসান নুরসহ অনেকে।