
নোয়াখালীর সেনবাগে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্বচ্ছল ব্যক্তিদের তালিকাভুক্ত না করার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক। তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী যাদের আর্থিক সামর্থ্য রয়েছে, বিশেষ করে যারা স্বর্ণের চেইন পরে চলাফেরা করেন, তাদের যেন ফ্যামিলি কার্ড না দেওয়া হয়।
শনিবার (১৬ মে) সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের মডেল মসজিদ কমপ্লেক্স ভবনে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ৩৮৮ জন নারীর হাতে কার্ড তুলে দেওয়া হয়।
জয়নুল আবেদীন ফারুক বলেন, মানুষের কাছে আড়াই হাজার টাকা বড় বিষয় নয়, বরং গুরুত্বপূর্ণ হলো নেতার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন। তিনি দুর্নীতি, ঘুষ, কিশোর গ্যাং, ইয়াবা ও ইভটিজিংমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর উপকারভোগীদের মোবাইল ফোনে দুই হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা পাঠানো হয়। টাকা পাওয়ার পর উপস্থিত নারীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
সেনবাগ উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জে এম মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম এবং সহকারী কমিশনার (ভূমি) নূর পেয়ারা বেগমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।