
প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল। আগে আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে স্বেচ্ছায় জিয়ার খাল, মুসার খাল খনন কর্মসূচি করি। খাল খননের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করা এটা তার পরিকল্পনার অংশ ছিল। এক খাল সঙ্গে আরেক খালের সংযোগ, খালের সঙ্গে নদীর যে সংযোগ, জলাবদ্ধতা দূর করণ এটাও ছিল তার কর্মসূচির একটা অংশ।
শনিবার (১৬ মে) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এসব কথা বলেন। এ সময় ১২৫১ জনকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
মন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ডে প্রতি মাসে আড়াই হাজার টাকা পাবে লক্ষ্মীপুরের ১২৫১ পরিবার।
“প্রধানমন্ত্রী যেটা প্রতিশ্রুতি দিয়েছেন, মাত্র তিন মাসের মধ্যেই তিনি তা পর্যায়ক্রমে জনগণের সামনে তুলে ধরছেন এবং বাস্তবায়ন করছেন। এর মধ্যে অন্যতম হলো ফ্যামিলি কার্ড”।
সরকারের পক্ষ থেকে পরিবারগুলোর জন্য এটি একটি সহায়ক উদ্যোগ বলেও উল্লেখ করেন তিনি।
পরে ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গে উপকারভোগীদের মোবাইল অ্যাকাউন্ট সক্রিয় হয়ে টাকার মেসেজ পৌঁছে যায়। এতে উপকারভোগী পরিবারগুলোর মাঝে উচ্ছ্বাস দেখা যায়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।