
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ বন্দরের ‘এসএস ক্যাটেল’ খামারে টক অব দ্য টাউনে পরিণত হওয়া বিরল প্রজাতির গোলাপি মহিষ ‘নেতানিয়াহু’ অবশেষে বিক্রি হয়ে গেছে। হালকা গোলাপি আভার বিশালাকৃতির এই মহিষটি শুক্রবার (১৫ মে) সাড়ে ৬ লাখ টাকায় লুফে নিয়েছেন ঢাকার এক রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে শৌখিন এই ক্রেতা গণমাধ্যমে নিজের নাম ও রাজনৈতিক পরিচয় প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন।
এসএস ক্যাটেল খামার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিরল এলবিনো জাতের এই মহিষটি যখন প্রথম তাদের খামারে আনা হয়, তখন এর ওজন ছিল মাত্র ৩০০ কেজি। এরপর দীর্ঘদিনের নিবিড় যত্ন, সঠিক পরিচর্যা ও সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য খিলিয়ে বড় করার পর বর্তমানে এর লাইভ ওয়েট বা ওজন দাঁড়িয়েছে ৭০০ কেজিতে। খামারে আরও বহুসংখ্যক গবাদিপশু থাকলেও শুরু থেকেই সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল এই মহিষটি।
নামকরণের রহস্য ও খামারে দর্শনার্থীদের ঢল
পশুটির এমন অদ্ভুত নামের বিষয়ে এসএস ক্যাটেলের সহকারী ব্যবস্থাপক মাজহারুল হক জানান, খামারে আসার পর এলাকার সাধারণ মানুষই শখ করে মহিষটির নাম দেয় ‘নেতানিয়াহু’। এই ব্যতিক্রমী নামের কারণেই মূলত চারপাশের মানুষের মধ্যে বাড়তি কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি হয়। তাকে একনজর দেখার জন্য প্রতিদিন শত শত উৎসুক মানুষ খামারে এসে ভিড় জমাচ্ছেন।
সহকারী ব্যবস্থাপক আরও উল্লেখ করেন, গোলাপি রঙের এই দানবীয় মহিষটি কোরবানির হাটের আগেই বিক্রি হয়ে গেছে, তবে খামারে দর্শনার্থীদের আনাগোনা বা ভিড় একটুও কমেনি। এক শৌখিন ক্রেতা সাড়ে ৬ লাখ টাকা দিয়ে মহিষটি কিনে নিয়েছেন।
বন্দর এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, সচরাচর এত বিশাল ওজনের এবং এমন নজরকাড়া হালকা গোলাপি রঙের মহিষ এই অঞ্চলে এর আগে কখনো দেখা যায়নি। ফলে কোরবানির ঈদের ঠিক আগমুহূর্তে ‘নেতানিয়াহু’ এখন পুরো উপজেলার মানুষের মুখে মুখে ঘুরছে।