
সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা সম্পন্ন হওয়ার পর ‘জয় বাংলা’ স্লোগান তুলে মিছিল করার অপরাধে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
লাঠিসোঁটা নিয়ে নাশকতার চেষ্টা: পুলিশ
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আনুষ্ঠানিকতা শেষ হতেই আকস্মিকভাবে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে নগরীর প্রধান সড়কে চলে আসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ ঘোষিত সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে শুরু করে।
পুলিশের কাছে তথ্য রয়েছে যে, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে লাঠিসোঁটা ও ইট-পাটকেল ছিল এবং তারা মূলত নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই সেখানে দলবদ্ধ হয়ে সমবেত হয়েছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মহিউদ্দিন (৩৯), মো. সুমন (২৪), মো. ইমন (২৩), মো. মুর্তুজা মেহেদী ওরফে মেহেদী হাসান (২২), মো. বশর প্রকাশ হাসান (২৪), মো. সজিব (২৭), মো. মুসা (৪২), মো. সোহেল (২৮), মো. মনির (৩৭), রায়হান (২৯), ইলিয়াছ প্রকাশ মিলন (২৬), মো. জাহিদুল হক প্রকাশ সোহাগ (২৪), মো. শাহিন (২৭), মো. শরীফ (২০), মো. ছোটন প্রকাশ রাকিব মিয়া (২৮), আলামিন (২৪), মো. সাদ্দাম হোসেন (২৯), মো. রাসেল (২৫) ও মো. জয়নাল (২২)।
অপরাধের খতিয়ান ও জব্দকৃত আলামত
কোতোয়ালী থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর বিভিন্ন ধারা মোতাবেক ১৫ মে ২০২৬ তারিখে ২৭ নম্বর মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযানকালে ঘটনাস্থল থেকে দাঙ্গার আলামত হিসেবে ১৫টি ভাঙা ইটের টুকরো এবং ৮টি কাঠের লাঠি জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
তাছাড়া সিডিএমএস (ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) রেকর্ড পর্যালোচনা করে সিএমপি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজন আসামির বিরুদ্ধে অতীতে অস্ত্র মামলা, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, চুরি ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।
আইনি পদক্ষেপের বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন বলেন, "জানাজা শেষে লাঠিসোঁটা নিয়ে স্লোগান দিয়ে জনসাধারণের ক্ষতি করার চেষ্টাকালে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বেশির ভাগের বিরুদ্ধে থানায় একাধিক সন্ত্রাসবিরোধী আইনের মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"