
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আদালতের দেওয়া জামিন একটি ভালো সিদ্ধান্ত।
শনিবার (১৮ এপ্রিল) ভোলা সার্কিট হাউসে সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
হাফিজ উদ্দিন বলেন, “শিরীন শারমিনকে বিচার বিভাগ জামিন দিয়েছে। আমি মনে করি এটি ভালো সিদ্ধান্ত হয়েছে। তিনি একজন নারী। বিচার বিভাগ নিশ্চয়ই বিচার-বিবেচনা করেই জামিন দিয়েছেন।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে স্পিকার বলেন, গত ২০ বছর দেশের মানুষ প্রকৃত গণতন্ত্র পায়নি। তবে জনগণের আন্দোলনের মাধ্যমে দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, “বাংলাদেশের মানুষ গণতন্ত্রমনা ও রাজনৈতিকভাবে সচেতন। তারা কোনো স্বৈরশাসককে মেনে নেয় না।”
তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলন আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং গণতন্ত্রের জন্য জনগণের সংগ্রাম বিশ্ববাসীর নজর কেড়েছে।
স্পিকার আশা প্রকাশ করে বলেন, বর্তমান সরকার দেশের মানুষের জন্য সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে। একই সঙ্গে তিনি সুশাসন, আইনের শাসন এবং রাজনৈতিক সহনশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
তার ভাষায়, রাজনৈতিক মতাদর্শের কারণে কেউ যেন হয়রানির শিকার না হন, সেটিই দেশের মানুষ দেখতে চায়।
এ সময় ভোলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।