
খাগড়াছড়ির দুর্গম সীমান্ত এলাকায় বড় ধরনের অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), যা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার বিকেলে উপজেলার বৌদ্ধমনিপাড়া কাঁঠালতলী এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম জানান, অভিযানে মোট ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৌদ্ধমনিপাড়া সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার মো. শাহ আলমের নেতৃত্বে একটি টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। বিকেল ৪টার দিকে সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে চারজন ব্যক্তিকে আসতে দেখে তাদের থামার নির্দেশ দেওয়া হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ও একটি ব্যাগ ফেলে পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত গোলাবারুদ নিয়ে ফেরার পথে বিজিবি সদস্যরা নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েন। প্রায় ১০০ থেকে ১১০ জনের একটি সশস্ত্র দল টহল দলকে ঘেরাও করার চেষ্টা করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে ব্যাটালিয়ন সদরদপ্তরে জানানো হলে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস এম ইমরুল কায়েসের নেতৃত্বে অতিরিক্ত দুইটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে বিজিবির শক্ত অবস্থান দেখে ওই দলটি সরে যায়।
পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম বলেন, ‘সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নিয়মিত টহলের মাধ্যমে এ ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’