
মাগরিবের নামাজের প্রস্তুতির সময় নেমে এলো মর্মান্তিক বিপর্যয়। নরসিংদীর মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন শিক্ষার্থী আহত হয়েছেন।
রোববার (২১ জুন) রাতে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলেন—কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাসিন্দা বাদলের ছেলে জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান এবং একই এলাকার আবু জাফর।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসার চার শিক্ষার্থী মাগরিবের নামাজের আগে অজু করছিলেন। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা বজ্রাঘাতে গুরুতর আহত হন।
পরে দ্রুত তাদের উদ্ধার করে শিবপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। অপর আহত শিক্ষার্থী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। তিনি বলেন, আহত শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো। নিহতদের সবার বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে ছিল।