
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন কুষ্টিয়া-৩ আসনের আলোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা। পোস্টটি প্রকাশের পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং সৃষ্টি করে ব্যাপক প্রতিক্রিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এই সংসদ সদস্যকে প্রায়ই সমসাময়িক বিভিন্ন ইস্যুতে মতামত জানাতে দেখা যায়। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ভোরে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দেশবাসী ও তার সমর্থকদের উদ্দেশে বিশেষ অনুরোধ জানান।
পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় দেশবাসী এবং আমার সব শ্রেণির সমর্থকরা; আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাই, আমাকে নিয়ে যেসব জায়গায় মিডিয়া ট্রায়াল চলে অথবা আমাকে নিয়ে কটু কথা বলা হয়, সেসব জায়গায় গিয়ে আপনারা খারাপের বিপরীতে খারাপ কথা বলে দৃষ্টান্ত স্থাপন করবেন না।’
তিনি আরও লেখেন, ‘হয় আপনারা সুন্দরভাবে বুঝিয়ে বলবেন অথবা চুপ থেকে এড়িয়ে যাবেন। কিন্তু কোনোক্রমেই আমার পক্ষ নিয়ে কাউকে বিন্দুমাত্র কটু কথা শোনাবেন না। মুমিনের জবান থেকে অপর মুমিন হেফাজতে থাকবে, এটিই আমাদের কাম্য।’
নিজের বিরুদ্ধে সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে নিয়ে যারা কটু কথা বলেন, সেটার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমি এগুলো নিয়ে বিন্দুমাত্র বিচলিত নই। নিশ্চয়ই মিথ্যার উপরে সত্য বিজয়ী হবে।’
স্ট্যাটাসটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই তা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। কয়েক ঘণ্টার ব্যবধানে হাজার হাজার প্রতিক্রিয়া ও মন্তব্য জমা পড়ে পোস্টটিতে, যা নিয়ে অনলাইন অঙ্গনে শুরু হয় নতুন আলোচনা।