
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাঁকে আদালতে পাঠানো হবে।
কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, জানতে চাইলে মো. শফিকুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি মিটিংয়ে আছেন, পরে এ বিষয়ে কথা বলবেন।
জানা গেছে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মধ্যরাতে লিটন মাহমুদ বাবুকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। তবে কী কারণে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।