-6af3f5b498c1e.webp)
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৬৪টি মামলা করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপির আটটি বিভাগ ও গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতারদের মধ্যে রয়েছেন রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ৪৬ জন, ওয়ারীতে ৫৬ জন, মতিঝিলে ৬৪ জন, তেজগাঁওয়ে ৮০ জন, মিরপুরে ১৩১ জন, গুলশানে ২৯ জন, উত্তরা বিভাগে ২২ জন এবং গোয়েন্দা বিভাগে ৮ জন।
অভিযান চলাকালে পুলিশ ১৩টি ককটেল, ৯টি পেট্রোল বোমা, ৯৫০ গ্রাম গান পাউডার, বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ এবং ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করে। এ ছাড়া ৩ হাজার ৮১ পিস ইয়াবা, ২৪ ক্যান বিয়ার, ২ বোতল বিদেশি মদ, ১টি বাস, ৫টি মোটরসাইকেল ও ১৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
আকতার হোসেন জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।