
রাজধানীর মিরপুরে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস তিনটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে শাহ আলী থানার চিড়িয়াখানা রোডে এবং একই দিন ভোরে পল্লবী থানার মিরপুর সেকশন-১২-এর কালশী রোডের ফুলকলি মোড়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, বুধবার রাত ১২টা ৪৫ মিনিটে শাহ আলী থানার চিড়িয়াখানা রোডে জাহাঙ্গীর হোটেলের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন বাসটিতে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় বাসটির পেছনের অংশের ১৪ থেকে ১৬টি আসন, আসনের কাভার, জানালার কাচ, পেছনের কাচ এবং বাসের বডির কিছু অংশ পুড়ে যায়। এতে আনুমানিক দুই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, রাত আনুমানিক ১টার দিকে চিড়িয়াখানার পাশে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের একাধিক দল ঘটনাস্থলে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের রাশেদ বিন খালেদ জানান, রাত ১টা ১৯ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তার আগেই স্থানীয়ভাবে আগুন নিভিয়ে ফেলা হয়েছিল। চিড়িয়াখানা সিটি পরিবহণের একটি বাসে আগুন দেওয়ার খবর তারা পেয়েছেন।
অন্যদিকে, বুধবার সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে পল্লবী থানার মিরপুর সেকশন-১২-এর কালশী রোডের ফুলকলি মোড়ে সড়কের পাশে পার্কিং করে রাখা আরও দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাস দুটি হলো বিকল্প পরিবহণ ও অভিজাত পরিবহণের।
স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে পানি ঢেলে তা নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় বিকল্প পরিবহণের বাসটির সব আসন, কাচ ও বডি পুড়ে গেছে। অন্যদিকে, অভিজাত পরিবহণের বাসটির পেছনের দুটি জানালার কাচ, আসন ও আসনের কাভার ক্ষতিগ্রস্ত হয়েছে।
অগ্নিসংযোগের ঘটনায় বিকল্প পরিবহণের বাসটির আনুমানিক আট থেকে ১০ লাখ টাকা এবং অভিজাত পরিবহণের বাসটির প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসে আগুন দিচ্ছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।