
রাজধানীর নয়াটোলা চেয়ারম্যান গলির একটি বাসায় অভিযান চালিয়ে চারটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুরোনো রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণের মামলায় এক তরুণ ও এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে হাতিরঝিল থানার নয়াটোলা চেয়ারম্যান গলি এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার দুজনের একজন জাহিদুল ইসলাম মনির (২০)। অপরজন কিশোর। মনির ফরিদপুরের সদরপুর থানার চর গ্রামন্দি এলাকার হাফেজ ফকিরের ছেলে।
পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর পুরোনো রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তের পাশাপাশি ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। পরে শুক্রবার ভোরে ৪৫৩ নম্বর নয়াটোলা চেয়ারম্যান গলি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই বাসার ভেতর থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়। সকাল ৮টার দিকে রমনা ও হাতিরঝিল থানা-পুলিশের উপস্থিতিতে মধুবাগ মাঠে বোম ডিসপোজাল টিম ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার দুজন বর্তমানে রমনা থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।