
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কক্ষে ঢুকে তাঁকে মারধরের অভিযোগে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) এক নেতার পদ স্থগিত করা হয়েছে। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অভিযুক্ত নেতা হলেন ড্যাবের সহ-আইনবিষয়ক সম্পাদক ডা. জাহিদ হাসান রিপক।
বুধবার (২৮ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল।
ডা. জহিরুল ইসলাম শাকিল বলেন, ‘আমরা তাকে শোকজ পাঠিয়েছি। আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, তার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে এবং তাকে কারণ দর্শানোর জন্য ৪৮ ঘণ্টার সময় দিয়েছি।’
ঘটনায় আর কেউ জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখার কথাও জানিয়েছেন ড্যাব মহাসচিব। তিনি বলেন, ‘আপাতত ঘটনায় একজনেরই নাম এসেছে। তিনি একা ছিলেন, না কি সঙ্গে আরও কেউ ছিলেন আমরা সেটা তদন্ত করে দেখবো। আপাতত একজনের বিষয়টা সামনে আসছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এর আগে বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির কার্যালয়ে ঢুকে তাঁকে মারধর করার অভিযোগ ওঠে ড্যাবের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই সংগঠনটির নেতা ডা. জাহিদ হাসান রিপকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।