
মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের পরও ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর-১০ নম্বরে উচ্ছেদ অভিযান পরিদর্শনে গিয়ে তিনি বলেন, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত উদ্ধারের কর্মসূচি চলমান থাকবে।
শফিকুল ইসলাম খান অভিযোগ করেন, উচ্ছেদ অভিযানের সময় ফুটপাত দখল করে রাখা ব্যক্তিরা এবং তাদের ইন্ধনে সিটি করপোরেশনের পরিবহন, সাংবাদিক ও কয়েকজন পুলিশ কর্মকর্তার ওপর হামলা করা হয়েছে। তবে স্থানীয় সাধারণ মানুষের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, উচ্ছেদ অভিযান চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার পর সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। এ সময় একটি ভেকু ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে একটি মসজিদে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, পুলিশের পাশাপাশি সিটি করপোরেশনের পক্ষ থেকেও মামলা করা হবে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, মিরপুরের সাধারণ মানুষ ফুটপাত দখলমুক্ত চায়—এদিনের ঘটনা সেটিই প্রমাণ করেছে। ভবিষ্যতে কারও ইন্ধনে আবার ফুটপাত দখলের চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উচ্ছেদ অভিযানে সহযোগিতা করায় স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানিয়ে শফিকুল ইসলাম খান বলেন, জনগণের চাহিদা অনুযায়ী ফুটপাত দখলমুক্ত করার কাজ করছে সিটি করপোরেশন। এটি তাদের নৈতিক দায়িত্ব।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনাতেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তাঁর দাবি, উচ্ছেদ অভিযান পরিচালনার সময় কয়েকজন সাংবাদিক হামলার শিকার হয়েছেন এবং এ ঘটনায় জড়িতদের অনেকে ইতোমধ্যে শনাক্ত হয়েছেন।
ডিএনসিসির প্রশাসক বলেন, তিনি মিরপুরের সন্তান এবং এলাকার পরিস্থিতি সম্পর্কে অবগত। ফুটপাত দখলের মতো কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। এ বিষয়ে ‘ডাইরেক্ট অ্যাকশন’ অব্যাহত থাকবে।
এর আগে বুধবার মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। একই সময় একটি ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।