
রাজধানীতে মাদক ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২৬টি মামলা দায়ের করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৪ জন, লালবাগে ৩৪ জন, ওয়ারীতে ৫১ জন এবং মতিঝিল বিভাগে ৬৮ জন রয়েছেন।
এ ছাড়া তেজগাঁও বিভাগ থেকে ৭৪ জন, মিরপুর থেকে ৭১ জন, গুলশান থেকে ৩৬ জন, উত্তরা থেকে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে ৯৫ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ৬৬৮ গ্রাম গাঁজাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।