
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সকালে হোপ মার্কেট এলাকায় অভিযান চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি একটি ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযান চলার সময় বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় হকার ও ফুটপাতের ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। একই সময় একটি ভেকু ও পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে অবস্থান নেন।