
কনটেন্ট ক্রিয়েটর, মডেল ও অভিনেতা সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাব ও লেনদেনের বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো এক ই-মেইলে তার হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিতি সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) ও হিসাব বিবরণী (স্টেটমেন্ট) পাঠাতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমও প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে পাঠানো ওই ই-মেইলে সালমান মুক্তাদিরের নাম উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জরুরি ভিত্তিতে তথ্য দিতে বলা হয়। বার্তাটিকে উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত হিসেবেও উল্লেখ করা হয়েছে।
ব্যাংকগুলোকে পাঠানো বার্তায় সালমান মুক্তাদিরের নামে থাকা হিসাবের কেওয়াইসি ও স্টেটমেন্টের সফট কপি দিতে বলেছে বিএফআইইউ। একই সঙ্গে সংযুক্ত এক্সেল ফাইলে তার হিসাবসংক্রান্ত সব তথ্য এবং চিহ্নিত প্রতিটি হিসাবের সুদ আয় ও উৎসে কর (টিডিএস) সংক্রান্ত তথ্য পূরণ করে পাঠাতে বলা হয়েছে।
বিএফআইইউর নির্দেশনা অনুযায়ী, এসব তথ্য এক ঘণ্টার মধ্যে গোএমএল মেসেজ বোর্ডের মাধ্যমে পাঠাতে হবে। একই সঙ্গে সংস্থাটির একটি পরিপত্রের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে তলব করা তথ্যের গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ই-মেইলটি দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো হয়েছে। প্রাপকের তালিকায় সরকারি-বেসরকারি ও বিদেশি ব্যাংকসহ একাধিক ব্যাংকের নাম রয়েছে।
এর আগে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। এ ঘটনায় তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়।
ঘটনার পর সালমান মুক্তাদিরের পক্ষ থেকে চাঁদা দাবির অভিযোগ সামনে আসে। তবে পরে তিনি জানান, তার কাছে ব্যক্তিগতভাবে কেউ চাঁদা দাবি করেনি। ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানও বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি বলেন, সালমান মুক্তাদিরসহ যাদের ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে, তারা ভবিষ্যতে আরও দায়িত্বশীল হবেন বলে তিনি আশা করেন।
জাহেদ উর রহমানের বক্তব্য অনুযায়ী, সালমান প্রথমে বিএনপির লোকজন চাঁদা চেয়েছে বলে অভিযোগ করলেও পরে জানান, তার কাছে সরাসরি চাঁদা চাওয়া হয়নি।