
রাজধানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্সল্যাবসংলগ্ন গ্রিন রোডের মুখে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় সায়েন্সল্যাব মোড়ের আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বাসের গ্লাস ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা
জানা গেছে, ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী ইট ছুড়ে বাসটির গ্লাস ভেঙে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সামনে গিয়ে অবস্থান নেন। পরে দুই পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পালটা ধাওয়া।
এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা
সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে আইডিয়াল কলেজের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
ঘটনা সম্পর্কে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন, আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী ঢাকা কলেজের একটি বাসের গ্লাসে ঢিল ছুড়েছেন। ওই ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
ওসি বলেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর তারা পাননি। কেউ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।