-6ab8aac5668ab.webp)
দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা বিয়ের পর এবার প্রথমবারের মতো একসঙ্গে বড়পর্দায় জুটি হিসেবে হাজির হতে যাচ্ছেন। বাস্তব জীবনের এই জুটি ‘রানাবালি’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন। সিনেমাটি মুক্তির আগে তাদের মিষ্টি রসায়ন ও পারস্পরিক খুনসুটি নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি ‘রানাবালি’ সিনেমার ‘এন্ধাইয়া সামি’ গানের একটি অংশ ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন রাশমিকা মান্দানা। সেই পোস্টে বিজয় দেবেরাকোন্ডাকে নিয়ে নিজের ভালো লাগার কথাও জানিয়েছেন তিনি।
রাশমিকা লিখেছেন, ‘এটা ভাবতেই অবাক লাগে যে, সে পুরোপুরি আমার। তবু তার প্রতি ক্রাশ খাওয়া আমি থামাতে পারি না।’
রাশমিকার এই মন্তব্যের জবাবও দিয়েছেন বিজয় দেবেরাকোন্ডা। সামাজিক মাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় অভিনেতা লেখেন, ‘আমি আশীর্বাদপুষ্ট। আমি জয়াম্মাকে মিস করব। তবে তোমাকে তো সারাজীবনের জন্য পেয়েছি।’
‘রানাবালি’তে যে চরিত্রে রাশমিকা-বিজয়
‘রানাবালি’ সিনেমায় নাম-ভূমিকায় অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা। অন্যদিকে রাশমিকা মান্দানাকে দেখা যাবে জয়াম্মা চরিত্রে। সিনেমার গল্পে বিজয়ের চরিত্রের সংগ্রামের সঙ্গী হিসেবে থাকবেন তিনি।
১৮৭৬-৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষের পটভূমিতে গল্প
‘রানাবালি’ সিনেমার কাহিনির পটভূমিতে রয়েছে ভারতের ইতিহাসের অন্যতম ভয়াবহ অধ্যায় ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষ। আইএমডিবির তথ্যানুযায়ী, ১৮৭০-এর দশকে দক্ষিণ ভারতে দুর্ভিক্ষের সময় এক বিদ্রোহী যোদ্ধা ব্রিটিশ কমিশনারের বিরুদ্ধে লড়াই করেন। নিজের অঞ্চল ও সেখানকার মানুষের সুরক্ষায় তিনি এগিয়ে আসেন।