
জামায়াতের লং মার্চ এবং দলটির আমির ডা. শফিকুর রহমানকে উদ্দেশ করে বিভিন্ন স্লোগান দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান। তাঁর দেওয়া এসব স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
রাজধানীর একটি মেট্রো স্টেশনের সামনে আয়োজিত সমাবেশে আমান উল্লাহ আমানসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীকে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তাঁদের স্লোগানের মধ্যে ছিল—‘রফিক কাকু জানেন নাকি, গালিবাজদের নায়ক আপনি’; ‘লং মার্চ না লং ড্রাইভ, লং ড্রাইভ লং ড্রাইভ’সহ আরও বিভিন্ন স্লোগান।
সমাবেশের ওই বক্তব্য ও স্লোগানের ভিডিও ইতোমধ্যে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যেও নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।