
রাজধানীতে গ্যাস সরবরাহের সংকট আরও প্রকট হয়েছে। উৎস থেকে সরবরাহ কমে যাওয়ায় বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ নেমে গেছে সর্বনিম্ন পর্যায়ে। এর প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স্টেশন থেকে শুরু করে বাসাবাড়ির রান্নাঘরেও।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে তীব্র গ্যাস সংকটের চিত্র দেখা গেছে। গ্যাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে সিএনজিচালিত যানবাহনের মালিক ও চালকদের। অনেক চালক ভোর থেকে লাইনে দাঁড়িয়েও মাত্র ২০ থেকে ৫০ টাকার গ্যাস নিতে পারছেন।
রাজধানীর বেশিরভাগ সিএনজি স্টেশনেই গ্যাস সরবরাহ না থাকায় ‘গ্যাস নেই’ লেখা সাইনবোর্ড টানিয়ে রাখা হয়েছে। এতে যানবাহন চালক ও সাধারণ যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। তবে সংকটের মধ্যেও কিছু স্টেশনে গাড়িতে জ্বালানি নিতে দেখা গেছে।
গ্যাস সরবরাহের এই ঘাটতির প্রভাব পড়েছে আবাসিক গ্রাহকদের ওপরও। রাজধানীর অনেক এলাকায় দিনের বড় একটি সময় বাসাবাড়িতে গ্যাস থাকছে না। কোথাও চুলায় আগুন জ্বললেও গ্যাসের চাপ এতটাই কম যে রান্না করা সম্ভব হচ্ছে না। আবার কিছু এলাকায় পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ থাকার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।