
সাম্প্রতিক সময়ে মাঠ প্রশাসনে বিতর্কিত ও ‘দলীয়’ জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ নিয়ে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। বেসরকারি একটি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি সরকারের এই নজিরবিহীন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন।
আলোচনায় অংশ নিয়ে সরকারের ডিসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে রুমিন ফারহানা বলেন, ‘এই ভরা জোয়ারে যেসব জেলায় বিএনপির এমপি প্রার্থীরা ফেল করেছে, যাদের জনগণ ভোট দেয় নাই, ন্যূনতম কোনো জনপ্রিয়তা যাদের নাই, তাদের জেলা প্রশাসক বানিয়েছে বিএনপি।’
আওয়ামী লীগ আমলের বৈষম্যবিরোধী আন্দোলনের পটভূমি স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, ‘আজকে আলোচনায় এসেছে যে ‘পদই যথেষ্ট আর কোন যোগ্যতার প্রয়োজন নাই’। ঠিক এই বিষয়টির বিরোধিতা করেই কিন্তু গণঅভ্যুত্থানের জন্ম হয়েছিল। বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দিয়েছে। একজন সোয়েটার ফ্যাক্টরির মালিককে বাংলাদেশ ব্যাংকের প্রধান বানিয়েছে এই সরকার।’
মাঠ প্রশাসনের শীর্ষ পদে নিয়োগের অসঙ্গতি তুলে ধরে রুমিন ফারহানা খোলামেলা মন্তব্য করেন, প্রত্যেকটি জেলায় নির্বাচনে পরাজিত কিংবা অপ্রিয় প্রার্থীদের বসিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, 'যে জেলায় যে এমপি ক্যান্ডিডেট ফেল করেছে অর্থাৎ জনগণ এই বিএনপির ভরা জোয়ারের সময় যাদেরকে ভোট দেয় নাই সেই মানুষগুলোকে জেলার মাথা হিসেবে বসিয়ে দিয়েছে। জেলায় জেলায় প্রশাসক নিয়োগ করেছে। দলের ন্যূনতম যাদের কোন জনপ্রিয়তা নাই, ভোট পায় নাই, ফেল করেছে কিংবা যাদের নমিনেশন দিতে পারে নাই।'