
ঢাকার আশুলিয়ায় একটি মাদরাসার নির্মাণাধীন ওয়াশরুমে লুকিয়ে রাখা অবস্থায় একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। উদ্ধার হওয়া অস্ত্রটির গায়ে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (১৭ জুন) বিকেলে আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকার একটি মাদরাসা প্রাঙ্গণে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪-এর সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি টহল দল ওই মাদরাসায় অভিযান চালায়। প্রাথমিকভাবে সেখানে মাদক মজুতের তথ্য পাওয়া যায়। পরে মাদরাসা প্রাঙ্গণের অভিভাবকদের অপেক্ষাকক্ষের পাশে নির্মাণাধীন একটি ওয়াশরুমে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় ওয়াশরুমের টয়লেটের মেঝেতে কয়েকটি ইটের নিচে রাখা একটি ছেঁড়া শপিং ব্যাগ পাওয়া যায়। ব্যাগটির ভেতরে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি রিভলবার ও দুই রাউন্ড ২২ বোরের গুলি উদ্ধার করা হয়।
র্যাবের ভাষ্য, উদ্ধার হওয়া আট চেম্বারবিশিষ্ট রিভলবারটির ব্যারেল, ট্রিগার ও হ্যামারসহ অন্যান্য অংশ অক্ষত রয়েছে। অস্ত্রটির গায়ে ইংরেজিতে ‘মেইড ইন পাকিস্তান’ লেখা খোদাই করা রয়েছে। উদ্ধার হওয়া গুলির পেছনেও ইংরেজি অক্ষর ‘টি’ খোদাই করা ছিল।
র্যাব-৪-এর সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, ‘পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়েছে। এই অস্ত্রের মূল উৎস কী এবং কারা এটি মাদরাসায় এনে লুকিয়ে রেখেছিল, তা উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম ও তদন্ত চলমান রয়েছে।’
তিনি জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলি আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।