
সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক ঘিরে নির্ধারিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ইতোমধ্যে সমঝোতা স্মারকটি স্বাক্ষর সম্পন্ন হওয়ায় পূর্বনির্ধারিত অনুষ্ঠান আর অনুষ্ঠিত হচ্ছে না বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের জেনেভা সফর স্থগিত করা হয়েছে। তিনি বলেন, ‘একটি সামগ্রিক কাঠামোর অধীনে পরবর্তী ধাপগুলো বিভিন্ন পর্যায়ে আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া হবে।’
ঘটনার আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্ট থেকে কিছু অংশ সরিয়ে নেন, যা অনুষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করে। মুছে ফেলা অংশে বলা হয়েছিল, ‘পাকিস্তানসহ-মধ্যস্থতাকারী রাষ্ট্র কাতারের সমর্থনে এই ঐতিহাসিক ঘটনা উদযাপনে এবং বিভিন্ন পর্যায়ে আলোচনার সূচনা করতে ১৯ জুন ২০২৬ তারিখে সুইজারল্যান্ডে অনুষ্ঠানের আয়োজন করবে।’
বৃহস্পতিবার সকাল পর্যন্ত পাকিস্তানের একাধিক সূত্র অনুষ্ঠানটি বহাল থাকার কথা বললেও সন্ধ্যার দিকে পরিকল্পনায় পরিবর্তন আসে।
উল্লেখ্য, এই সমঝোতা স্মারকে মধ্যস্থতাকারী হিসেবে স্বাক্ষরকারীদের একজন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।