
রাজধানীর বনশ্রী এলাকায় একটি মাদরাসার বাথরুম থেকে মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিশুশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পায়ুপথে জখমের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার বিকেলে রামপুরা থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বনশ্রী সি ব্লকের ৩ নম্বর রোডে অবস্থিত আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা-এর তৃতীয় তলার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরে ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
রামপুরা থানার উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করে। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন না থাকলেও পায়ুপথে অস্বাভাবিকতা দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে বলাৎকার করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
নিহত আব্দুল্লাহর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা-এর অনুপনগর গ্রামে। তার বাবার নাম আবুল কালাম আজাদ এবং মায়ের নাম টুকু আরা খাতুন।
মাদরাসার প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন জানান, আব্দুল্লাহ মাদরাসাটির প্রথমদিকের শিক্ষার্থীদের একজন ছিল এবং হেফজ বিভাগে পড়াশোনা করত। মঙ্গলবার মাগরিবের পর সে বাথরুমে যায়। অনেক সময় পার হলেও বাইরে না আসায় শিক্ষকরা সন্দেহ করেন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে গলায় গামছা পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়।
তিনি আরও জানান, কয়েকজন শিক্ষার্থী শিহাব (১৭) নামে এক শিক্ষার্থীর বিরুদ্ধে সন্দেহজনক কিছু তথ্য দিয়েছে। তবে মঙ্গলবার বিকেলেই ওই শিক্ষার্থী ছুটি নিয়ে মাদরাসা ত্যাগ করে এবং এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বাড়িতেও যোগাযোগ করা হলেও কোনো সন্ধান মেলেনি।
উল্লেখ্য, এর আগের দিন রাজধানীর পল্লবী এলাকায় আট বছর বয়সী এক শিশুর খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।