 ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার.webp)
রাজধানী ঢাকায় আগের মতো বড় আকারের শীর্ষ সন্ত্রাসীদের আর সক্রিয়তা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তাঁর ভাষ্য, অতীতে যেসব শীর্ষ সন্ত্রাসী নগরীতে প্রভাব বিস্তার করত, বর্তমানে সে ধরনের সংগঠিত বড় অপরাধচক্র আর নেই। তবে তাদের সহযোগী বা নতুন করে অপরাধ জগতে আধিপত্য বিস্তারের চেষ্টা করা গোষ্ঠীগুলোকে কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে। নিয়মিত মনিটরিং চলছে এবং কেউ সক্রিয় হওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২ মে) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় নবনির্মিত পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মো. সরওয়ার জানান, রাজধানীতে অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। নতুন স্থাপিত পুলিশ ক্যাম্পটি ওই এলাকায় চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে সার্বক্ষণিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। স্থানীয় ব্যবসায়ীরা গোপনে বা প্রকাশ্যে তথ্য দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে অতিরিক্ত পুলিশ সদস্যও নিয়োগ করা হবে।
তিনি আরও বলেন, ঢাকায় ইতোমধ্যে চাঁদাবাজি ও মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু হয়েছে, যার আওতায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি নগরীর বিভিন্ন স্থানে গোপন নজরদারি জোরদার করা হয়েছে এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে রাজধানীতে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
থানায় সেবা না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনো থানায় মামলা গ্রহণে গড়িমসি হলে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট জোনাল সহকারী পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার কিংবা ডিএমপির ক্রাইম বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পুলিশের বিরুদ্ধে অভিযোগ এলেও তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।