
ভোলার শশীভূষণ থানায় দায়ের করা একটি শিশু ধর্ষণ মামলায় সেলিম খন্দকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩০ তারিখ রাত আনুমানিক ১টা ১০ মিনিটে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়।
পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা মো. লোকমান হোসেন বাদী হয়ে সেলিম খন্দকারের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন। তবে অভিযুক্তের পরিবার দাবি করেছে, মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
অভিযুক্তের ছেলে জানান, ২০২০ সালের এপ্রিল মাসে তাদের সঙ্গে লোকমান হোসেনের পরিবারের জমি সংক্রান্ত বিরোধের সূত্রপাত ঘটে। সে সময় প্রতিপক্ষ নিজেদের আহত করে মিথ্যা মারামারির অভিযোগ দায়ের করে এবং হাসপাতালে ভর্তি হয় বলে অভিযোগ করা হয়। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠকে বিষয়টি মিথ্যা প্রমাণিত হয় এবং উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়।
পরিবারের দাবি, ওই ঘটনার পর থেকেই প্রতিপক্ষ বিভিন্নভাবে তাদের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে তাদের ফলের বাগানে ক্ষতি করা, ফল নষ্ট করা এবং নানা ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়।
সাম্প্রতিক ঘটনায় অভিযোগ করা হয়, ফল নষ্ট করার অভিযোগে সেলিম খন্দকার এক শিশুকে শাসন করেন। এর জের ধরেই প্রতিপক্ষ পরিবার ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ এনে মামলা দায়ের করেছে।
অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, স্থানীয় একটি প্রভাবশালী মহল রাজনৈতিকভাবে তাদের হেয় প্রতিপন্ন করতে এবং জমি ও অর্থ আদায়ের উদ্দেশ্যে এ মামলাকে ব্যবহার করছে।
এ বিষয়ে সেলিম খন্দকারের পরিবারের সদস্যরা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, “আমরা ন্যায়বিচার চাই। প্রকৃত ঘটনা উদঘাটন করে সত্য প্রকাশ করা হোক।”
এদিকে, সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, একপাক্ষিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে নিরপেক্ষভাবে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করা উচিত।
ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।