
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে মানুষের ৪৭টি মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়সহ একটি কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ এই অভিযান পরিচালনা করে।
সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মানবদেহের কঙ্কাল ও হাড়গোড় চুরির সঙ্গে জড়িত ছিল। অভিযানের সময় তাদের কাছ থেকে ৪৭টি মানুষের মাথার খুলি ছাড়াও বিপুল পরিমাণ হাড় উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া এসব খুলি ও হাড় কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এ ঘটনার বিস্তারিত তুলে ধরতে বুধবার (১০ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে অভিযানের পুরো তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।