
রাজধানীর যাত্রাবাড়িতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে এক যুবকের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মেহেদী হাসান অপু (২৫) নামে এই যুবককে রোববার রাত ১১টার দিকে যাত্রাবাড়ি কাঁচাবাজারের একটি আড়তে নিহত অবস্থায় পাওয়া গেছে।
যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রাতে যাত্রাবাড়ি কাঁচাবাজার আড়তে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মাদক ব্যবসা নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে জানতে পেরেছি। তবে বিস্তারিত জানতে মাঠে কাজ করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।”
ওসি আরও জানান, নিহতের এক পায়ের রগ কাটা অবস্থায় ছিল এবং শরীরের অন্যান্য স্থানে আঘাতের চিহ্নও দেখা গেছে। তিনি বলেন, “নিহতের আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়েছে। তদন্ত করে পরে আরও বিস্তারিত বলা যাবে।”
নিহতের বাড়ি ঝালকাঠিতে হলেও বর্তমানে তিনি ওই কাঁচাবাজার আড়তে থাকতেন।