
রাজধানীর যাত্রাবাড়ীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক তরুণ মোটরসাইকেল চালক। শনিবার গভীর রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নিহত হন আরাফাত (১৯), আর গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার সঙ্গী ফারহানুল ইসলাম মাসুম (২০)।
শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে আরাফাত ও মাসুম মোটরসাইকেল যোগে ডেমড়া থেকে যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিল। মোটরসাইকেল চালাচ্ছিল আরাফাত। মাহবুবুর রহমান মেল্লা কলেজের সামনে আসলে মোটরসাইকেলটি বাহাদুরশাহ বাসের সঙ্গে ধাক্কা লেগে পিকআপের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় আরাফাত। মাসুম নামে একজন আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাস ও পিকআপটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর দুই গাড়ির চালকই পালিয়ে যান। পরে পরিবারের আবেদনের ভিত্তিতে আরাফাতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত আরাফাতের বাবা মো. রুহুল আমিন জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার ছোট মোল্লাকানাদি গ্রামে। বর্তমানে পরিবারটি ডেমরার বাশেরপুল এলাকায় ভাড়া বাসায় বসবাস করছে। আরাফাত ও মাসুম গুলিস্তান হলমার্কেটের একটি দোকানে কাজ করতেন। শনিবার রাতে মাসুমের মোটরসাইকেল নিয়ে তারা বাইরে বের হন। সেখান থেকেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা, যাতে প্রাণ হারান আরাফাত।