
রাজধানীর তুরাগ থেকে বিপুল পরিমাণ জাল টাকাসহ দুইজন কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব। আটকরা হলেন নাইমুল ইসলাম ইশান (১৯) এবং তার সহযোগী কেফায়েত উল্লাহ (১৯)।
শুক্রবার (৬ মার্চ) র্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডলিপাড়া বাদলদী এলাকায় একটি ভবনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানটি পরিচালনা করে র্যাব-৩।
গ্রেপ্তারের সময় আসামিদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ৫০০ টাকার জাল নোট ৫০০৫টি, একটি ল্যাপটপ, দুটি লেজার প্রিন্টিং ডায়েস, একটি প্রিন্টার এবং তিনটি স্মার্টফোন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশি বিভিন্ন মূল্যমানের টাকার জাল নোট তৈরি করে রাজধানী ও দেশের অন্যান্য এলাকায় বিক্রি করছিল।
র্যাব জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান চলতে থাকবে।