
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন দেওয়া হয়েছে।
রবিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে জে লাইন, রয়েল পরিবহণ ও গোল্ডেন লাইনের বাসে আগুন দেওয়া হয়।
জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে কে বা কারা কেন্দ্রীয় বাস টার্মিনালের ৩টি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। এসময় টার্মিনালে কয়েকটি দূরপাল্লার বাস এবং আন্ত-জেলা বাস ছাড়া লোকজন ছিল না। বাস ৩টি পাশাপাশি দাঁড়িয়ে ছিল।
জে লাইনের বাস মালিক জাহাঙ্গির হোসেন বলেন, “খবর পেয়ে আমি বাড়ি থেকে টার্মিনালে আসি। এসে দেখতে পাই আমার বাসসহ আরও দুটি বাস বাস দাও দাও করে জ্বলছে। ফায়র সার্ভিসের লোকজন আগুন নেভানোর কাজ করছে।”
বাস-মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রকুনুজ্জামান রানু বলেন, “এ ধরনের ঘটনাকে আমরা ধিক্কার জানাই। শুনেছি শনিবার রাত সাড়ে ৮টার দিকে হারুনর রশীদের তেল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে একটি ছেলেকে মারধোরের জেরে ছেলেটি মারা যায়। সেই একই মালিকের একটি বাস টার্মিনালেও দাঁড়িয়ে ছিল।”
তিনি বলেন, “দুটি ঘটনা একই কারণে ঘটতে পারে কি না তা প্রশাসনকে খতিয়ে দেখতে হবে। দ্রুত এ ঘটনা একই সূত্রে গাঁথা কি না সে ব্যাপারে তদন্ত সাপেক্ষে আমরা আইনি ব্যবস্থা দেখতে চাই।”
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান বলেন, “রাত সাড়ে ৩টার দিকে খবর পাই যে টার্মিনালে বাসে আগুন ধরে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়। কীভাবে আগুন লেগেছে বা কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।”