
সাভারের আশুলিয়ায় ডাকাতির পরিকল্পনা চলাকালীন ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন—আকাশ (২০), বাবু (১৯), শাহিন (২৯), বিপুল মহন্ত (২৬), হৃদয় ইসলস (২২) এবং মাহফুজুর রহমান রকিব (২৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে সাভারের আশুলিয়ার জামগড়া রুপায়ন মাঠ এলাকায় জনি হোসেনের বাড়িতে ১০-১২ জন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে।
এসময় ২টি চাপাতি, একটি রামদা, একটি হাতুড়ি, একটি সুইচগিয়ার এবং একটি ছোট চাকু উদ্ধার করা হয়েছে।
ওসি রুবেল হাওলাদার বলেন, “ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে আটক করা হয়েছে এবং দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তারা আজ দুপুরে আদালতে পাঠানো হবে।”