
১১ দলীয় জোটের নেতৃত্বাধীন জোট সরকার গঠন করতে পারলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডায় ঢাকা-১১ আসনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। এ দেশের মানুষ মেধাবী ও পরিশ্রমী। অতীতের নেতৃত্বের মধ্যে সততার অভাব ছিল। তাদের মধ্যে দুর্নীতি থেকে নিজেকে মুক্ত রাখার শপথ ছিল না, দেশের প্রতিও দায়বদ্ধতা ছিল না। সে কারণেই বাংলাদেশ এগোতে পারেনি।”
যুবসমাজের প্রতি আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “আমরা আশা করি, তরুণরা আমাদের হতাশ করবে না। তারাই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে।”
নাহিদ ইসলামকে উদ্দেশ করে জামায়াত আমির আরও বলেন, “এখানে দুজন প্রার্থী আছেন, দুজনকেই আপনারা চেনেন। নাহিদ ইসলামের জন্ম ও বেড়ে ওঠা এখানেই। আমি গল্প শোনাতে চাই না—আপনারা তাকে আমার চেয়ে ভালো চেনেন। তবে এটুকু বলতে চাই, ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় যদি আল্লাহর মেহেরবানিতে আসে, তাহলে সেই সরকারে নাহিদ ইসলামকে আপনারা অবশ্যই একজন মন্ত্রী হিসেবে দেখবেন।”