
রাজধানীর হাজারীবাগে এক কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দ্বীন ইসলাম ইমন (২১) নামে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে হাজারীবাগ থানা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
নিহত দ্বীন ইসলাম ইমন বরগুনা জেলার সদর থানার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে। তিনি তেজগাঁও কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার সুবাদে তিনি হাজারীবাগ থানার ঝিগাতলার নতুন রাস্তায় ৪১/২৪ নম্বর বাসায় ভাড়া থাকতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহাদাত হোসেন জানান, শনিবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে ৯৯৯ নম্বরে একটি ফোনকল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দরজা ভেঙে ওই শিক্ষার্থীকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
তিনি বলেন, “পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।”
পরিদর্শক আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, দ্বীন ইসলাম ইমন হতাশাগ্রস্ত ছিলেন এবং একটি নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল। এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।