
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের সমাধান না হওয়ায় এক মাসের ব্যবধানে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। এ কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে এ কর্মসূচি কার্যকর হয়েছে।
এর আগে বুধবার রাতে চলমান আন্দোলন আরও জোরদার ও কার্যকর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভা শেষে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন।
শিক্ষার্থীরা জানান, গত দুই মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। এ সময়ে ঘোষিত কর্মসূচিগুলোও শান্তিপূর্ণভাবে পালন করা হয়েছে। কিন্তু চুয়েটের চলমান সংকট নিরসনে এখন পর্যন্ত কার্যকর ও স্থায়ী কোনো সমাধান আসেনি।
তাদের দাবি, সংকটের কারণে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ডেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে সাধারণ শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ছেন। এ পরিস্থিতিতে সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ২৬ নভেম্বর থেকে কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এদিকে, কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।
একই দিন বিকেল ৩টায় চুয়েটের উপাচার্য ইস্যুতে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্যরা সংবাদ সম্মেলন করবেন বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন।
টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হয়। তবে সংকটের সমাধান না হওয়ায় প্রায় এক মাসের ব্যবধানে আবারও শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।