
আদালত কর্তৃক ‘রং-হেডেড’ উপাধি পাওয়া শেখ হাসিনা কী বলছেন, তা নিয়ে সরকারের কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, একজন গণহত্যাকারী বাংলাদেশের আইন অনুযায়ী দেশে ফেরত আসবে, তার ইচ্ছামতো নয়।
সাংবাদিকদের জন্য নতুন ওয়েজবোর্ড
মতবিনিময় সভায় সাংবাদিকদের বেতন-ভাতা নিয়েও কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, সাংবাদিকদের বেতন-ভাতা ও পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার নতুন ওয়েজবোর্ড নিয়ে কাজ করছে। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় এ বিষয়টি গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, শুধু ওয়েজবোর্ড প্রণয়ন করলেই হবে না, এর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। গণমাধ্যমের মালিকপক্ষকে ওয়েজবোর্ডের বিধান অনুসরণ করতে হবে। গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো নতুন ওয়েজবোর্ডের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করলে সাংবাদিকদের জন্য সুফল নিশ্চিত করা সম্ভব হবে।
এ ক্ষেত্রে নারী-পুরুষ নির্বিশেষে সব সাংবাদিকের ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি নারী সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং কর্মক্ষেত্রে সুযোগ সম্প্রসারণেও সরকার উদ্যোগ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে।
নারী সাংবাদিকদের অগ্রগতিতে সহযোগিতা বৃদ্ধি
ইয়াসের খান বলেন, নারী সাংবাদিকদের পেশাগত অগ্রগতি ও ক্ষমতায়নে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে। বিএনপি সরকারের নারী সাংবাদিকদের অবহেলা করার কোনো মানসিকতা নেই। বরং নারীরা যাতে পেশাগত ক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারেন, সে জন্য সহযোগিতা বাড়ানোর বিষয়ে সরকারের নির্দেশনা রয়েছে।
তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বর্তমানে নারীরা দায়িত্ব পালন করছেন। তথ্য মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন প্রতিষ্ঠানের মহাপরিচালকসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নারীদের উপস্থিতি রয়েছে।
তাই নারী হওয়ার কারণে কাউকে চাকরি বা পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়—এমন ধারণার সঙ্গে তিনি একমত নন বলে জানান প্রতিমন্ত্রী। যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই নিয়োগ ও পদোন্নতি হওয়া উচিত বলে উল্লেখ করেন তিনি।