
ওষুধ আবিষ্কারের গবেষণায় ব্যবহৃত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সফটওয়্যার পাইরেক্সের (PyRx) চেয়ে বেশি নির্ভুলতার দাবি করেছে বাংলাদেশি গবেষকের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সফটওয়্যার ‘ডনডক’ (DawnDock)। সফটওয়্যারটির নির্মাতাদের দেওয়া তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড অ্যাস্টেক্স ডাইভার্স সেটে ডনডকের জিনিনা (GNINA) ইঞ্জিনের ডকিং নির্ভুলতা ৮০ দশমিক ৫ শতাংশ। একই মানদণ্ডে পাইরেক্সে ব্যবহৃত অটোডক ভিনা ইঞ্জিনের নির্ভুলতা ৫২ দশমিক ৪ শতাংশ।
ডনডক তৈরি করেছেন বাংলাদেশি গবেষক এসকে ফয়সাল আহমেদ। তিনি দেশীয় প্রতিষ্ঠান ডন অব বায়োইনফরমেটিকস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। সফটওয়্যারটিতে পাঁচটির বেশি ডকিং ইঞ্জিন যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে প্রোটিন প্রস্তুতি, রাসায়নিক অণুর সঙ্গে প্রোটিনের সংযুক্তি বিশ্লেষণ এবং সম্ভাব্য ওষুধের কার্যকারিতা যাচাইয়ের প্রাথমিক কাজ করা যায় বলে জানিয়েছেন নির্মাতারা।
মূলত ওষুধ আবিষ্কারের গবেষণায় প্রাথমিক পর্যায়ে রোগের জন্য দায়ী প্রোটিনের সঙ্গে কোন রাসায়নিক অণু যুক্ত হতে পারে, তা খুঁজে দেখা হয়। এ প্রক্রিয়ায় কম্পিউটারের মাধ্যমে প্রোটিন ও রাসায়নিক অণুর সম্ভাব্য সংযুক্তি বিশ্লেষণ করা হয়। গবেষণার এ পদ্ধতিকে বলা হয় মলিকিউলার ডকিং। এর মাধ্যমে পরীক্ষাগারে রাসায়নিক উপাদান পরীক্ষা করার আগেই সম্ভাব্য কার্যকর অণু বাছাই করা সম্ভব হয়। এতে গবেষণার সময় ও ব্যয় কমানোর সুযোগ তৈরি হয়।
নির্ভুলতায় এগিয়ে থাকার দাবি
ডনডকের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে নিউরাল নেটওয়ার্কভিত্তিক জিনিনা ইঞ্জিনের কথা উল্লেখ করেছেন নির্মাতারা। তাঁদের দাবি, অ্যাস্টেক্স ডাইভার্স সেটে এই ইঞ্জিনের নির্ভুলতা ৮০ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে পাইরেক্সে বহুল ব্যবহৃত অটোডক ভিনা ইঞ্জিনের নির্ভুলতা ৫২ দশমিক ৪ শতাংশ।
প্রোটিনের যে নির্দিষ্ট অংশে কোনো রাসায়নিক অণু যুক্ত হতে পারে, তাকে বলা হয় বাইন্ডিং পকেট। ডকিংয়ের সময় এই অংশ শনাক্ত করা গুরুত্বপূর্ণ। ডনডকের নির্মাতাদের দাবি, তাঁদের সফটওয়্যার ৯৮ দশমিক ৮ শতাংশ ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে সঠিক বাইন্ডিং পকেট শনাক্ত করতে পারে। প্রচলিত পাইরেক্স সফটওয়্যারে অনেক ক্ষেত্রে ব্যবহারকারীকে নিজেই প্রোটিনের নির্দিষ্ট অংশ বা গ্রিড বক্স নির্বাচন করতে হয়।
এ ছাড়া পাইরেক্সে প্রোটিন প্রস্তুতি এবং ডকিংয়ের ফলাফল বিশ্লেষণের জন্য অনেক ক্ষেত্রে আলাদা সফটওয়্যারের প্রয়োজন হয়। ডনডকে এসব কাজ একই প্ল্যাটফর্মে করার সুবিধা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা। সফটওয়্যারটিতে ডকিংয়ের পর প্রোটিন ও রাসায়নিক অণুর মধ্যে সাত ধরনের রাসায়নিক মিথস্ক্রিয়াও বিশ্লেষণ করা যায়।
দেশীয় ঔষধি উদ্ভিদ নিয়ে গবেষণার সুযোগ
ডনডক তৈরির উদ্যোগের সঙ্গে যুক্ত গবেষক দল এর আগে বাংলাদেশের ঔষধি উদ্ভিদের রাসায়নিক উপাদান নিয়ে ‘বাংলাদেশ মেডিসিনাল প্ল্যান্টস ফাইটোকেমিক্যালস ডেটাবেজ’ (BMPPD) তৈরি করেছে। ডন অব বায়োইনফরমেটিকস লিমিটেডের উদ্যোগে তৈরি এ ডেটাবেজে বাংলাদেশের সাত শতাধিক ঔষধি উদ্ভিদের প্রায় ৬৩ হাজার ৯০০টি ফাইটোকেমিক্যাল বা রাসায়নিক উপাদানের তথ্য সংরক্ষিত রয়েছে।
গবেষকেরা এ ডেটাবেজে থাকা রাসায়নিক উপাদান ডনডকের মাধ্যমে বিশ্লেষণ করতে পারবেন। কোনো ঔষধি উদ্ভিদের উপাদান ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের জন্য দায়ী প্রোটিনের সঙ্গে যুক্ত হতে পারে কি না, তা কম্পিউটারের মাধ্যমে প্রাথমিকভাবে যাচাই করা সম্ভব হবে। ফলে দেশের নিজস্ব প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে নতুন ওষুধ আবিষ্কারের গবেষণায় নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
ডনডকের নির্মাতা ও ডন অব বায়োইনফরমেটিকস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এসকে ফয়সাল আহমেদ বলেন, ‘বিজ্ঞান কোনো নির্দিষ্ট দেশ বা অভিজাত গবেষণাগারের চার দেয়ালে বন্দী থাকতে পারে না। এই বিশ্বাস থেকেই আমাদের পথচলা। আমরা চেয়েছি, দেশের যেকোনো প্রান্তের একজন সাধারণ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীও যেন নিজের কম্পিউটারে বসে আন্তর্জাতিক মানের ওষুধ আবিষ্কারবিষয়ক গবেষণার প্রাথমিক কাজ করতে পারেন। সেই স্বপ্ন থেকেই ডনডকের জন্ম। সফটওয়্যারটি সবার জন্য উন্মুক্ত করার উদ্যোগও সেই চিন্তারই অংশ।’