-6b08206469303.webp)
কুমিল্লায় নাশকতার উদ্দেশ্যে ভারত থেকে দেশে ফেরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মহানগর সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে নিজ বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে আজহারুল ইসলাম নামে এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (২৫ নভেম্বর) রাতে জেলা যুবদল আজহারুলকে বহিষ্কার করে। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।
বহিষ্কৃত আজহারুল ইসলাম নিজেকে বারপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে পরিচয় দিলেও জেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি সংগঠনের একজন সাধারণ কর্মী। তার কোনো সাংগঠনিক পদ নেই।
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং তাদের রক্ষায় ভূমিকা রাখার সুনির্দিষ্ট অভিযোগে আজহারুলকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
নিষিদ্ধ সংগঠনের নেতাকে আশ্রয় দেওয়ায় সাংগঠনিক ব্যবস্থা
এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু বলেন, নিষিদ্ধ সংগঠনের একজন শীর্ষ নেতাকে আশ্রয় দেওয়ার বিষয়টি জানার পরপরই আজহারুলের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত হবে, তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
গোপনে দেশে ফিরে আজহারুলের বাড়িতে আত্মগোপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যান মোশাররফ হোসেন মুন। সম্প্রতি তিনি গোপনে দেশে ফিরে আজহারুলের বাড়িতে আত্মগোপন করেন।
গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৩টার দিকে ওই বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মুনকে গ্রেফতার করা হয়।
মোশাররফ হোসেন মুন কুমিল্লা মহানগরের ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুর এলাকার বাসিন্দা। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, নাশকতাসহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুনকে গ্রেফতার করা হয়েছে। ২০২৪ সালের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
এর মধ্যে ২০২৪ সালের ২১ নভেম্বর সদর দক্ষিণ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে এবং ২৩ নভেম্বর কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছিল।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান জানান, নিষিদ্ধ ছাত্রলীগের মহানগর সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।