
১৮ বছর বয়সে প্রেমিকের সঙ্গে একান্ত মুহূর্তের একটি ভিডিও ধারণ করেছিলেন অলিম্পিয়া। ভিডিওটি ছিল একান্তই তাঁদের দুজনের জন্য। কিন্তু তাঁর অনুমতি ছাড়াই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই একটি ঘটনা পুরোপুরি বদলে দেয় তাঁর জীবন।
ভিডিওটি ধারণ করেছিলেন তাঁর ছয় বছরের প্রেমিক। কিন্তু ভিডিওতে শুধু অলিম্পিয়াকেই দেখা যায়, তাঁর প্রেমিককে শনাক্ত করার কোনো উপায় ছিল না। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও অস্বীকার করেন ওই প্রেমিক।
ভিডিও ছড়িয়ে পড়ার পর অলিম্পিয়াকে নিয়ে শুরু হয় নানা ধরনের অপমান ও কটূক্তি। তাঁকে ডাকা হতে থাকে ‘আবেদনময়ী মোটা মেয়েটি’ নামে।
এ ঘটনায় গভীর বিষণ্নতায় আক্রান্ত হন তিনি। টানা আট মাস বাড়ি থেকে বের হননি। এ সময় তিনবার আত্মহত্যার চেষ্টাও করেন। তবে ধীরে ধীরে তিনি বুঝতে পারেন, এই ঘটনার জন্য তিনি দায়ী নন; বরং তিনি নিজেই একজন ভুক্তভোগী।
এরপর সাইবার যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার হন অলিম্পিয়া। মেক্সিকোর প্রথম সাইবার যৌন হয়রানিবিরোধী আইনের প্রস্তাব তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পরবর্তী সময়ে তাঁর নামেই আইনটি পরিচিতি পায় ‘অলিম্পিয়া আইন’ হিসেবে।
নিজের জীবনের সেই কঠিন অভিজ্ঞতা এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানোর গল্প তুলে ধরেছেন অলিম্পিয়া।
একটি ভিডিও যেভাবে বদলে দিল জীবন
১৮ বছর বয়সে প্রেমিকের সঙ্গে যৌন সম্পর্কের একটি ভিডিও ধারণ করেছিলাম আমি।
আমার নগ্ন ভিডিওটি কীভাবে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ল, তা আমি জানি। ভিডিওতে আমাকে দেখা গেলেও আমার প্রেমিককে চেনার কোনো উপায় ছিল না।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মানুষ আমাকে নিয়ে নানা কথা বলতে শুরু করে। অন্যদিকে, আমার প্রেমিক পুরো বিষয়টি অস্বীকার করে। এমনকি ভিডিওতে সে ছিল না বলেও দাবি করে।
এরপর মানুষজন আলোচনা শুরু করে, আমি আসলে কার সঙ্গে এমন কাজ করেছি।
স্থানীয় একটি সংবাদপত্র তাদের প্রথম পাতায় আমাকে নিয়ে খবর প্রকাশ করে। সেখানে বলা হয়, একসময় আমি সম্ভাবনাময় একটি মেয়ে ছিলাম, কিন্তু এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বদনাম ছড়িয়ে পড়েছে।
ওই সংবাদ প্রকাশের পর পত্রিকাটির বিক্রি বেড়ে যায়। আমার শরীর নিয়ে আলোচনা করেই তারা অর্থ উপার্জন করতে থাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিনই আমাকে যৌন সম্পর্কের প্রস্তাব দেওয়া হতো। আমি মেক্সিকোর যে অঞ্চল থেকে এসেছি, সেই এলাকার নাম জুড়ে দিয়ে মানুষ আমাকে ‘হুয়াউচিনাঙ্গোর মোটা আবেদনময়ী মেয়ে’ বলে ডাকতে শুরু করে।
পরে ঘটনাটি আরও ছড়িয়ে পড়লে এলাকার নাম বাদ দিয়ে শুধু ‘পুয়েবলার আবেদনময়ী মোটা মেয়ে’ বলে পরিচয় করিয়ে দেওয়া হতো আমাকে।
একসময় আমার মনে হতে শুরু করে, জীবনে আর কিছুই অবশিষ্ট নেই। নিজেকে ঘরের মধ্যে আটকে ফেলি। টানা আট মাস বাড়ির বাইরে যাওয়ার সাহস পাইনি।
তখন আমার বয়স খুব কম ছিল। বুঝতে পারছিলাম না, কার কাছে সাহায্য চাইব কিংবা কীভাবে কর্তৃপক্ষকে বিষয়টি জানাব।
সবচেয়ে বড় সমস্যা ছিল, পুরো ঘটনাটি ঘটেছিল ইন্টারনেটে। তাই আমার মনে হতো, বাস্তবে যেন কিছুই ঘটেনি।
আমি নিজেই যখন নিজের সিদ্ধান্তে ভিডিওটি ধারণ করেছিলাম, তখন কীভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করব?
এ সময় তিনবার আত্মহত্যার চেষ্টা করি। একবার একটি সেতু থেকে লাফ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সৌভাগ্যক্রমে, এক বন্ধু গাড়ি নিয়ে যাওয়ার সময় আমাকে দেখতে পেয়ে গাড়ি থামিয়ে নেমে আসে। এরপর আমার সঙ্গে কথা বলে।
আমি জানি না, সে বুঝতে পেরেছিল কি না যে সেদিন সে আমার জীবন বাঁচিয়েছিল।
আমার মা ইন্টারনেট ব্যবহার করতেন না। তাই পুরো ঘটনা সম্পর্কে তাঁর কোনো ধারণা ছিল না। আমি ভেবেছিলাম, বিষয়টি জানতে তাঁর আরও অনেক সময় লাগবে।
তাঁকে শুধু বলেছিলাম, একটি ভিডিও নিয়ে নানা গুজব ছড়িয়েছে। কিন্তু ভিডিওটি যে আমার, তা জানাইনি।
হঠাৎ এক রোববার আমাদের বাড়িতে পরিবারের সবাই উপস্থিত ছিলেন। এমন সময় আমার ১৪ বছর বয়সী ভাই ঘরে ঢুকে সবার সামনে নিজের ফোনটি রেখে বলল, ‘আমার বোনের ভিডিও আসলেই আছে।’
এ কথা শুনে মা কাঁদতে শুরু করেন।
সেটিই ছিল আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন। আমি মায়ের পায়ে পড়ে যাই। তাঁর কাছে এবং পরিবারের সবার কাছে ক্ষমা চাইতে থাকি।
আমি তাঁদের বলেছিলাম, আমি আর বাঁচতে চাই না। এমনকি আমাকে যেন তাঁরা মরতে সাহায্য করেন, সেই অনুরোধও করেছিলাম।
ঠিক তখনই আমাকে অবাক করে দেন আমার মা। তিনি একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। স্কুলের পড়াশোনা শেষ করতে পারেননি, এমনকি লিখতেও জানেন না।
তিনি আমার মাথা তুলে ধরে বললেন, ‘আমরা সবাই যৌন সম্পর্কে জড়াই। তোমার বোন, তোমার খালা, এমনকি আমিও। পার্থক্য শুধু এটুকু যে, অন্যদের ক্ষেত্রে বিষয়টি কেউ জানতে পারেনি, কিন্তু তোমার ক্ষেত্রে সবাই দেখে ফেলেছে। এর অর্থ এই নয় যে তুমি খারাপ মানুষ কিংবা অপরাধী।’
মায়ের কথা শুনে আমি বিস্মিত হয়ে যাই।
তিনি আরও বললেন, ‘তুমিও অন্য সবার মতো নিজের যৌনজীবন উপভোগ করছিলে। আর সেটার প্রমাণ এখন সবার সামনে। কিন্তু তুমি যদি কিছু চুরি করতে, কাউকে হত্যা করতে কিংবা একটি কুকুরকেও আঘাত করতে, তাহলে সেটা অন্যায় হতো।’
সেদিনই প্রথম নারীদের পারস্পরিক সংহতির শক্তি বুঝতে পারি। উপলব্ধি করি, নারীরা একসঙ্গে থাকলে অনেক শক্তিশালী হয়ে উঠতে পারে।
তবে আমি জানি, সব কিশোরী আমার মায়ের মতো সহনশীল ও বোঝার ক্ষমতাসম্পন্ন মা পায় না।
বেশির ভাগ নারীই নিজেদের ব্যক্তিগত ও যৌনজীবনের বিষয়ে পরিবার, স্কুল, বিশ্ববিদ্যালয় কিংবা কর্মক্ষেত্রে প্রয়োজনীয় সমর্থন পান না।
সেই সময় মা বাড়ির টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তিনি আমাকে বোঝান, বাড়িতে আমি সম্পূর্ণ নিরাপদ।
কিন্তু তারপরও অনেক মানুষ আমার বাড়িতে আসত। তারা বলত, আমার একটি ভিডিওর কথা শুনেছে। এসব মানুষের কাছ থেকেও নিজেকে আড়াল করে রাখতাম।
‘এটি ধর্ষণের মতোই’
মানুষের বেশির ভাগই বোঝে না, এ ধরনের ঘটনা একজন ভুক্তভোগীর জীবনে কতটা ভয়াবহ প্রভাব ফেলতে পারে। এর ফলে মানুষের স্বাভাবিক জীবনযাপনের স্বাধীনতা সংকুচিত হয়ে আসে।
একটি ঘটনা মানুষের চলাফেরা, ব্যক্তিগত জীবন এবং ঘনিষ্ঠ সম্পর্কের অনুভূতি—সবকিছুর ওপর প্রভাব ফেলে। একসময় ভুক্তভোগী নিজেই এসব অপমান ও নির্যাতনকে নিজের জীবনের অংশ হিসেবে মেনে নিতে শুরু করেন। তাঁর মনে হতে থাকে, ভুলটা আসলে তাঁরই।
এ কারণেই এ ধরনের ঘটনায় বিচার চাওয়া এত কঠিন হয়ে পড়ে।
এ ধরনের কোনো পোস্টে প্রতিটি লাইকও একজন ভুক্তভোগীর জন্য নতুন আঘাতের মতো। এটি নির্যাতনেরই আরেকটি রূপ।
কারও একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও তাঁর অনুমতি ছাড়া অন্য কারও কাছে পাঠানো হলে সেটিও ধর্ষণের মতোই গুরুতর অপরাধ।
কেউ সরাসরি আমার সংস্পর্শে না এলেও তারা আমাকে ধর্ষণ করছে। কারণ, আমার অনুমতি ছাড়াই তারা আমার শরীরকে নিজেদের ইচ্ছামতো ব্যবহার করছে। মাধ্যমটি ডিজিটাল হলেও শরীরটি তো আমারই।
একসময় ভেবেছিলাম, হয়তো আর কোনো দিন বাড়ির বাইরে বের হতে পারব না।
কিন্তু দুটি ঘটনা আমাকে সেই অবস্থা থেকে বেরিয়ে আসার সাহস জোগায়।
প্রথম ঘটনাটি ঘটে যখন আমার এক বন্ধু ফোন করে আমাকে নারীদের অপমান ও হেয় করে, এমন কয়েকটি ওয়েবসাইট দেখতে বলে।
কেন এসব ওয়েবসাইট দেখতে হবে, তার ব্যাখ্যায় বন্ধু আমাকে বলেছিল, ‘তুমি যেন বুঝতে পারো, শুধু তুমিই এমন ঘটনার শিকার নও। তারা নিজেদের আনন্দের জন্য সবার সঙ্গেই এমন আচরণ করে। তোমার কথা বলার ক্ষমতা আছে। তুমি এ অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারবে বলে আমি বিশ্বাস করি।’
ওই ওয়েবসাইটগুলো দেখার পর বুঝতে পারি, কোনো কারণ ছাড়াই অনলাইনে নারীদের নিয়ে উপহাস করা হচ্ছে।
সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছিলাম যখন দেখলাম, ডাউন সিনড্রোমে আক্রান্ত এক মেয়ের ছবিতে একজন মন্তব্য করেছে, মেয়েটিকে দেখতে যেমনই হোক না কেন, তার সঙ্গে যৌন সম্পর্ক করা সম্ভব।
এ ধরনের মন্তব্য দেখে আমি সিদ্ধান্ত নিই, এভাবে আর চলতে দেওয়া যায় না।
আমার মন পরিবর্তনের পেছনে দ্বিতীয় ঘটনাটিও ছিল বেশ গুরুত্বপূর্ণ।
যে সংবাদপত্রটি আমার ভিডিও নিয়ে খবর প্রকাশ করেছিল, পরে সেই পত্রিকাতেই ৪০ জোড়া জুতা চুরির অভিযোগে এক নারীকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
ঘটনাক্রমে, একদিন জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি, ওই নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন।
তাঁর পরনে ছিল সুন্দর একটি হলুদ পোশাক। তাঁকে দেখতেও বেশ সুন্দর লাগছিল।
কিন্তু রাস্তার মানুষ তাঁকে দেখে বিদ্রূপ করছিল। এমনকি একজন ফুল বিক্রেতা তাঁকে দেখে নিজের ফুলগুলো লুকিয়ে ফেলেন। যেন ওই নারী সামনে এলেই ফুলগুলো শুকিয়ে যাবে।
ঘটনাটি দেখে প্রথমে আমার মনে হয়েছিল, আমি যদি বাড়ির বাইরে বের হই, তাহলে আমার সঙ্গেও মানুষ এমন আচরণ করবে।
কিন্তু পরক্ষণেই মনে হলো, ‘ওই নারী যদি চুরির অভিযোগ থাকা সত্ত্বেও রাস্তায় বের হতে পারেন, তাহলে আমি কেন পারব না?’
সেদিনই আমি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে যাওয়ার সিদ্ধান্ত নিই।
অভিযোগ জানাতে গিয়েও বিপত্তি
অলিম্পিয়া যখন জানতে পারেন, তাঁর মতো আরও অনেক নারী একই ধরনের অপরাধের শিকার হয়েছেন, তখন বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে গিয়ে তাঁকে দ্বিতীয়বারের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়।
দায়িত্বে থাকা কর্মকর্তা শুরুতেই আমার ভিডিও দেখতে চান। ভিডিওটি দেখার পর তিনি হেসে ওঠেন।
এরপর তিনি বলেন, ‘আপনি মদ্যপ ছিলেন না, মাদকের প্রভাবেও ছিলেন না। কেউ আপনাকে ধর্ষণও করেনি। তাহলে ফৌজদারি আইনে এখানে অপরাধের কী আছে?’
কথাগুলো শুনে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে সেখান থেকে ফিরে আসি।
পরদিন সকালে ঘুম থেকে উঠে আমার মাথায় প্রথম যে প্রশ্নটি আসে, তা হলো—কোনো অপরাধ হয়নি বলতে তিনি আসলে কী বোঝাতে চেয়েছেন?
এরপর ইন্টারনেটে এ ধরনের হয়রানির শিকার হয়েছেন, এমন নারীদের সঙ্গে যোগাযোগ শুরু করি।
তাঁদের বলি, এই অপরাধ সম্পর্কে আমাদের আগে পরিষ্কার ধারণা না থাকলেও এ নিয়ে কিছু একটা করতেই হবে।
ধীরে ধীরে বিষয়টি সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট হতে থাকে। একপর্যায়ে আমরা পুয়েবলা রাজ্যের জন্য এ ধরনের অপরাধের বিরুদ্ধে একটি আইনের খসড়া তৈরি করি।
অনেকেই আমাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে এত বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। কিন্তু তাঁদের কথা মেনে নেওয়ার অর্থ হতো অন্যায়ের কাছে হার স্বীকার করা।
তত দিনে সবাই জেনে গেছে আমি কে এবং আমার শরীর দেখতে কেমন।
আমি যে উদ্যোগ নিতে যাচ্ছিলাম, তা দিয়ে আমার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের ক্ষতি আর পূরণ করা সম্ভব ছিল না। কারণ, যা ঘটেছে, তা আর আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার কোনো উপায় নেই।
কিন্তু আমি শুধু নিজের কথা ভাবিনি। আমার মতো একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া অন্য মেয়েদের কথা ভেবেছি। বিশেষ করে সেই মেয়েদের কথা, যারা আমার মতো আত্মহত্যার কথা ভাবছে।
সাইবার যৌন সহিংসতা বন্ধে তৈরি করা আইনের প্রস্তাবটি পুয়েবলার মেয়রের সামনে প্রকাশ্যে উপস্থাপন করি।
আমি যখন মঞ্চে উঠি, তখন উপস্থিত লোকজন নিজেদের মধ্যে কানাকানি করছিলেন।
সময়টা ছিল ২০১৪ সালের মার্চ। তখন আমার বয়স মাত্র ১৯ বছর।
বক্তব্যের শুরুতেই আমি বলেছিলাম, ‘আমি অলিম্পিয়া। হুয়াউচিনাঙ্গোর মোটা আবেদনময়ী মেয়েটি।’
এরপর সবার সামনে নিজের ভিডিওর ঘটনা তুলে ধরি। জানাই, আমার মতো আরও অনেক মেয়ে একই ধরনের অপরাধের শিকার হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তাদের কয়েকজনও যে আমার ভিডিওতে লাইক দিয়েছিলেন এবং সেটি শেয়ার করেছিলেন, তার প্রমাণ হিসেবে তাঁদের কর্মকাণ্ডের স্ক্রিনশট দেখাই।
আমি তাঁদের বলেছিলাম, ‘আপনারাই অপরাধী, আমি নই।’
যে ফেসবুক পেজ থেকে আমার ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছিল, সেটি পরে বন্ধ হয়ে যায়। পেজটির পক্ষ থেকে বলা হয়, একজন ‘উন্মাদ নারীর’ কারণে তারা পেজটি বন্ধ করতে বাধ্য হচ্ছে।
তবে তখনো আমার সামনে অনেক পথ বাকি ছিল।
একজন আইনপ্রণেতা তখন জানিয়েছিলেন, তিনি আমার প্রস্তাবকে সমর্থন করতে পারবেন না। তাঁর যুক্তি ছিল, এই আইন সমর্থন করার অর্থ হবে ‘বেহায়াপনাকে অনুমোদন দেওয়া’।
অবশেষে ২০১৮ সালে প্রস্তাবটি আইনে পরিণত হয়।
মেক্সিকোয় ‘অলিম্পিয়া আইন’
নতুন আইন অনুযায়ী, কারও অনুমতি ছাড়া তাঁর ব্যক্তিগত বা অন্তরঙ্গ বিষয়বস্তু ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া অপরাধ হিসেবে গণ্য হবে।
এ ছাড়া ইন্টারনেটে সাইবার হয়রানি ও যৌন সহিংসতা বলতে কী বোঝায়, সেটিও আইনে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়।
এ ধরনের অপরাধ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরির বিষয়টিও আইনে অন্তর্ভুক্ত করা হয়।
বেশ কয়েক বছর ধরে আলোচনা ও প্রচেষ্টার পর পুয়েবলা রাজ্যে আইনটি পাস হয়। এরপর থেকে এখন পর্যন্ত মেক্সিকোর ১১টি রাজ্যে এ আইন কার্যকর করা হয়েছে।
‘নারীরা অনলাইনে নিরাপত্তা চায়’
আইনটি বাস্তবায়নের চেয়েও আমরা এর মূল উদ্দেশ্য সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বেশি গুরুত্ব দিচ্ছি। এ ধরনের সহিংসতা কীভাবে প্রতিরোধ করা যায় এবং ঘটলে কীভাবে এর প্রতিকার পাওয়া সম্ভব, তা সবাইকে জানাতে চাই।
নারীরা ইন্টারনেটে নিরাপদ থাকতে চায়।
এ লক্ষ্যেই একদল নারী মিলে আমরা ‘ন্যাশনাল ফ্রন্ট ফর সরোরিটি’ নামে একটি সংগঠন গড়ে তুলি। সংগঠনটি এ ধরনের অপরাধ নিয়ে কাজ করে এবং ভুক্তভোগীদের বোঝানোর চেষ্টা করে যে, তাঁরা একা নন।
ডিজিটাল সহিংসতা থেকে নিজেদের রক্ষা করা এবং অনলাইনে নিরাপদ থাকার বিষয়ে নারীদের সচেতন ও সক্ষম করে তোলাই আমাদের কাজ।
এক সাংবাদিক তাঁর প্রতিবেদনে আইনটিকে ‘অলিম্পিয়া আইন’ নামে উল্লেখ করেছিলেন। এরপর থেকেই সবাই এই নামেই আইনটিকে চিনতে শুরু করে।
আজ আমি আর সেই ‘মোটা মেয়েটি’ নই।
এখন ইন্টারনেটে হয়রানির শাস্তির বিধান থাকা একটি আইনের সঙ্গে আমার নাম জড়িয়ে আছে। যে আইন অন্যায়ের বিরুদ্ধে আমার লড়াইয়ের পরিচয় বহন করছে।
সূত্র: বিবিসি